সারাদেশ
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি নারী-পুরুষ
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ জন বাংলাদেশি নারী ও পুরুষ।
রবিবার (৫ জুলাই) রাত নয়টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে সেখান থেকে বেনাপোল চেকপোস্টে বিজিবির কাছে এবং পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসাদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বাসিন্দা।
ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের তামিলনাড়ুতে যান তারা। সেখানে বিভিন্ন বাসাবাড়ি, গার্মেন্টস ও ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের দুই থেকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, সাজা শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের জেল থেকে মুক্ত করে শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের দূতাবাসের সহযোগিতা ও ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে ৫০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেবে।
এ বিষয়ে যশোরের একটি মানবাধিকার সংস্থার ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, ফেরত আসাদের আপাতত শেল্টার হোমে রাখা হবে এবং পরবর্তীতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।