সারাদেশ
ঝিনাইদহে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, নারী কারাগারে
ঝিনাইদহে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন বিউটি খাতুন নামে এক নারী। তবে আদালতে অভিযোগটি প্রমাণিত না হওয়ায় মামলা খারিজ করে দেওয়া হয়েছে। পরে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল বিউটি খাতুনকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. বসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার বিউটি খাতুন শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, ঝিনাইদহের চরমুরারিদহ গ্রামের একটি জমি নিয়ে স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের সঙ্গে বিউটি খাতুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মিরাজের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় মামলা করেন বিউটি।
পরে ব্যবসায়ী মিরাজ জামান রাজও নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাল্টা পিটিশন দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় পাল্টা মামলা করেন এবং বিউটি খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিউটি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।