সারাদেশ

মেলান্দহে পুকুরে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০১:০৩ পিএম

মেলান্দহে পুকুরে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু
মেলান্দহে পুকুরে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু। ছবি: ঢাকাপ্রকাশ

জামালপুরের মেলান্দহ উপজেলার ৭নং চর পাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই সেনপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে।

নিহতরা হলো রায়ের বাকাই গ্রামের মো. মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৯) এবং শেরপুর জেলার বাসিন্দা রফিকের ছেলে মো. আল নাফির (১০)। আল নাফির তার নানার বাড়িতে থেকে স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) বিকেলে দুই শিশু খেলতে বের হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর রাত প্রায় ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, খেলাধুলা শেষে তারা পুকুরে গোসল করতে নেমে দুর্ঘটনাবশত পানিতে ডুবে যায়।

দুই শিশুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এমন হৃদয়বিদারক ঘটনা কেউই মেনে নিতে পারছেন না।

বুধবার (১০ জুন) সকাল ৯টা ৪০ মিনিটে রিফাতকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অপরদিকে আল নাফিরের মরদেহ তার গ্রামের বাড়ি শেরপুরে নিয়ে গিয়ে দাফন করার কথা রয়েছে।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।