সারাদেশ
বিনোদন পার্কে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন
দিনাজপুরের বিরলে ‘জীবন মহল’ নামে একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় সেখানে থাকা একটি দরবার শরিফে আগুন ধরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।
এই সহিংসতায় একজন সংবাদকর্মীসহ অন্তত ১২ জন আহত হন। ভাঙচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস ও পাঁচ সংবাদকর্মীর মোটরসাইকেল। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মবের মতো পরিস্থিতি তৈরি করে ‘তৌহিদি জনতা’র ব্যানারে কয়েকশ মানুষ এই হামলায় অংশ নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পার্কের মালিক আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, গত ১৭ আগস্ট তাঁর প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর পর থেকে বিভিন্ন অপপ্রচার ছড়ানো শুরু হয়। পার্কে হামলার খবর শুনে স্থানীয়রা প্রতিবাদে অংশ নেন। তবে অপর পক্ষ ট্রাকে পাথর ও লাঠিসোটা এনে পরিকল্পিতভাবে হামলা চালায়।
তৌহিদী জনতার পক্ষে হাফিজুর রহমান দাবি করেন, আনোয়ার হোসেনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে জীবনমহলে অসামাজিক কাজ এবং দরবার শরিফের নামে ইসলামবিরোধী কার্যকলাপ চলছে। তারা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদে গিয়েছিলেন। তবে তাঁর লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা তাদের সাতজনকে আহত করেছে।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন সাংবাদিকদের বলেন, কয়েক দিন আগে সেখানে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে প্রশাসন অভিযান চালায়। মামলা করা হয়, জরিমানাও হয়েছে। আজ (বৃহস্পতিবার) স্থানীয়রা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের ডাক দেন। তারা কোনো ঝামেলায় না জড়ানোর প্রতিশ্রুতি দেন। তবে আনোয়ার বাইরে থেকে লোক এনে তাদের ওপর ঢিল ছুড়েছেন। তখন তারাও আক্রমণ করেছেন। তিনি বলেন, কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হলে কিংবা মামলা করতে চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত সপ্তাহে বিরল মডেল মসজিদে তৌহিদী জনতার ব্যানারে সভা করে পার্কের সামনে গতকাল মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছিল। পার্ক কর্তৃপক্ষ একই সময়ে পাল্টা প্রতিবাদ সমাবেশ ডাকে।