সারাদেশ

পুরাতন ভিডিও এডিট করে সিসিএস বেলাল হোসেনের নামে মিথ্যা প্রচার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

পুরাতন ভিডিও এডিট করে সিসিএস বেলাল হোসেনের নামে মিথ্যা প্রচার
ছবি: সংগৃহীত

সিসিএস বেলাল হোসেনের নামে একটি পুরোনো ভিডিও নতুনভাবে সম্পাদনা করে উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে। “৫% না দিলে আপনি কাজ পাবেন না” শিরোনামে ১ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও গত ২৮ ডিসেম্বর একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ওই ভিডিওটির মূল সংস্করণ সামনে আসে, যার দৈর্ঘ্য ১ মিনিট ৫৪ সেকেন্ড। দুটি ভিডিও বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই-বাছাই করে দেখা যায়, সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি মূল ভিডিও থেকে কেটে-ছেঁটে সম্পাদনা করা হয়েছে। পাশাপাশি ভিডিওতে থাকা অন্যতম চরিত্র শরিফুল ইসলামের সঙ্গেও কথা বলা হয়।

শরিফুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি পরিকল্পিত সেটআপের মাধ্যমে ভিডিওটি ধারণ করা হয়েছিল। সে সময় সিসিএস পদে দায়িত্বে ছিলেন ফরিদ আহমেদ। ওই ভিডিও ব্যবহার করে পরবর্তীতে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়। তিনি আরও জানান, একটি নিউজের ফটোকার্ড পাঠিয়ে তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল।

তার ভাষ্য অনুযায়ী, তিনি চাপের কাছে নতি স্বীকার না করায় প্রায় এক বছর আগের ওই পুরোনো ভিডিও নতুন করে এডিট করা হয় এবং সেখানে বর্তমান প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেনের নাম জুড়ে দেওয়া হয়। বাস্তবে ভিডিওটির সঙ্গে বেলাল হোসেনের কোনো সংশ্লিষ্টতা নেই। এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষিত রয়েছে বলেও তিনি দাবি করেন।

এই ঘটনাকে সাংবাদিকতার নীতি ও নৈতিকতার পরিপন্থী বলে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ভিন্ন প্রেক্ষাপটের একটি পুরোনো ভিডিও বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে সিসিএস বেলাল হোসেন ঢাকাপ্রকাশকে বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার চলতে থাকলে আমি অবশ্যই আইনের আশ্রয় নেব।”