সারাদেশ

‘আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটারদের সতর্ক করলেন রুমিন ফারহানা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম

‘আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটারদের সতর্ক করলেন রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী পরিবেশ ও ভোটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। হাঁস প্রতীকের এই প্রার্থী বলেন, নির্বাচনে জালভোটের মাধ্যমে তার প্রতীক ‘হাঁস চুরি’ করার অপচেষ্টা হতে পারে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও সোহাগপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “সবাই খেয়াল রাখবেন, আমার হাঁস যেন চুরি না হয়।”

রুমিন ফারহানা বলেন, ভোটের দিন জনগণের ভোটাধিকার রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ধরনের অনিয়ম, জালভোট কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা করার। সরাইল ও আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা। এই এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব।”

এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।