সারাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
ছবি: ঢাকাপ্রকাশ

বেনাপোল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে বেনাপোলের গাতিপাড়া গ্রাম থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল বিওপির একটি বিশেষ টহল দল গাতিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির গেটসংলগ্ন রাস্তার পাশ থেকে ০২টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সর্বমোট সিজার মূল্য ২,১০,৪০০ টাকা (দুই লক্ষ দশ হাজার চারশত)।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।