সারাদেশ

মূল্যবিহীন কসমেটিকস ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির কারণে দু’ব্যবসায়ীকে জরিমানা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

মূল্যবিহীন কসমেটিকস ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির কারণে দু’ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক এবং রঘুনাথপুর গ্রামে মূল্যবিহীন কসমেটিকস বিক্রির কারণে দু’ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক তদারকির সময় এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জেলার দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের মেসার্স সেতু কসমেটিকসের দোকানে মূল্যবিহীন কসমেটিকস বিক্রির কারণে ওই দোকানের স্বত্বাধিকারী মাহবুব আলীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দামুড়হুদা বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির কারণে মেসার্স নাঈম ট্রেডার্সের স্বত্বাধিকারী সাব্বির ইমরানকে ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়।

chua.jpg

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল, ওষুধ ও মুদি দোকানে তদারকি করা হয়। এ সময় মানসম্মত পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য ও ওষুধ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তদারকি পরিচালনায় সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।