সারাদেশ

উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম

উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত
ছবিঃ সংগৃহিত

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত এই সফর বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি পালন করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে। নিয়ম মেনে চলার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সফর স্থগিত করেছেন।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এ কর্মসূচি বাতিল করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম গত ২৭ ফেব্রুয়ারি নিজ এলাকায় সফরকালে জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ বগুড়া সফরে আসবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ (সদর) আসন ছেড়ে দেন। পরে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে এবং আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।