সারাদেশ
তারাবি নামাজ নিয়ে ভিডিও তৈরি, কন্টেন্ট ক্রিয়েটরকে থানায় দিলো এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জে কাউসার আলী নামের এক কন্টেন্ট ক্রিয়েটরকে তারাবি নামাজ নিয়ে ভিডিও তৈরির অভিযোগে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
রবিবার (০৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনারমোড় এলাকার একটি মসজিদে তারাবির নামাজ পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দেন কাউসার আলী। সেই ভিডিওর ক্যাপশনে লিখেন, "4G তারাবি- সোনার মোর চাঁপাইনবাবগঞ্জ"।
এই পোস্টকে কেন্দ্র করে এলাকাবাসী কাউসার আলীর উপর চড়াও হোন। পরে খবর পেয়ে থানা পুলিশ আসলে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, কাউসার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় বা ইউনিয়নের ভোটার মতামত নিয়ে ভিডিও কন্টেন্ট বানিয়ে আলোচনায় আসেন কাউসার আলী।