সারাদেশ

ঠাকুরগাঁওয়ে স্বামীর কাছে ৫ হাজার টাকা না পেয়ে গৃহবধূর আত্মহত্যা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ে স্বামীর কাছে ৫ হাজার টাকা না পেয়ে গৃহবধূর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামে স্বামীর কাছে ৫ হাজার টাকা না পেয়ে দিপালী শর্মা (৪৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

গতকাল বুধবার (১৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত দিপালী শর্মা গড়েয়া গোপালপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় সেলুনকর্মী শ্রী পরেশ চন্দ্র শর্মার স্ত্রী। বুধবার বিকালে দিপালী তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য স্বামীর কাছে ৫ হাজার টাকা দাবি করেন। পরেশ চন্দ্র শর্মা তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পেরে পরদিন ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু দিপালী দ্রুত টাকা জোগাড়ের জন্য বাড়িতে থাকা এক হাজার ইট বিক্রির প্রস্তাব দেন। এ নিয়ে একপর্যায়ে পরেশ কর্মস্থলে চলে গেলে নিজ শোবার ঘরের কার্নিশের সাথে গলায় ফাঁস দেন দিপালী।    

খবর পেয়ে স্বামী দ্রুত বাড়িতে এসে তাকে হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, নিহতের স্বামী শ্রী পরেশ চন্দ্র শর্মা থানায় হাজির হয়ে একটি লিখিত সংবাদ দিয়েছেন। যার প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।