সারাদেশ

রাজিবপুরে সাংবাদিকের গোডাউনে সরকারি চাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম

রাজিবপুরে সাংবাদিকের গোডাউনে সরকারি চাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: ঢাকাপ্রকাশ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এক সাংবাদিকের ভাড়াকৃত গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শিবেরডাঙ্গী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান। তাদের দাবি, আবুল হোসেনের মালিকানাধীন একটি গোডাউনে সরকারি চাল মজুদের তথ্য পেয়ে তারা সেখানে অভিযান চালিয়ে দুটি গোডাউন থেকে মোট ৭১ বস্তা চাল জব্দ করেন এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে ফাতেমা ট্রেডার্সের মালিক ও একটি গণমাধ্যমের মাল্টিমিডিয়া সমন্বয়ক সোহেল রানা স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা চাল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম শামীম এবং রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মুসা মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা চাল জব্দ করে প্রশাসনকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

তবে অভিযুক্ত সোহেল রানা স্বপ্ন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তার মায়ের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ রয়েছে। ঈদ উপলক্ষে বেশিরভাগ চাল বিতরণ করা হলেও কিছু চাল গোডাউনে সংরক্ষিত ছিল। এছাড়া কিছু সুবিধাভোগী তাদের প্রাপ্ত চাল বিক্রি করে যাওয়ায় অতিরিক্ত চাল জমা হয়েছে বলে তিনি জানান। তার মতে, জব্দ করা চাল ভিজিএফ বা ইউনিয়ন পরিষদের নয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। প্রশাসন জানিয়েছে, বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।