সারাদেশ
নীলফামারীতে ১৬ জনের বিরুদ্ধে থানায় মসজিদের ঘর চুরি ও ভাঙচুরের অভিযোগ
নীলফামারী সদর উপজেলার বিশমুড়ী পাইলা ভাংগারডাঙ্গা এলাকায় একটি জামে মসজিদকে কেন্দ্র করে চুরি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ আজিজুর রহমান বাবু বাদী হয়ে নীলফামারী সদর থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে মামলা রুজু করা হয়নি।
এজাহার সূত্রে জানা যায়, এলাকাবাসীর উদ্যোগে ২০১৩ সালে ওয়াকফ দলিলের মাধ্যমে প্রায় ৪ শতক জমি মসজিদ নির্মাণের জন্য দান করা হয়। পরবর্তীতে স্থানীয় কয়েকজনকে মসজিদের উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়। গত প্রায় ১১ বছরে মসজিদের জন্য প্রায় ১৩ লাখ টাকা জমা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই অর্থের একটি অংশ দিয়ে নামাজ আদায়ের জন্য একটি আধাপাকা টিনশেড ঘর এবং শিশুদের আরবি শিক্ষার জন্য আরও একটি টিনের ঘর নির্মাণ করা হয়। কিন্তু গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর থেকে ৬ ফেব্রুয়ারি ভোররাতের মধ্যে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে রাতের অন্ধকারে উভয় ঘর খুলে চুরি করে নিয়ে যায়।
এছাড়াও, মসজিদের জমির মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। পরবর্তীতে গত ২২ মার্চ ২০২৬ তারিখ সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে এসে পাকা মসজিদের দেয়াল ভাঙচুর করে এবং ইট খুলে নিয়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
এ বিষয়ে নীলফামারী সদর থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এজাহার গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।