সারাদেশ

পুলিশের বড় কর্মকর্তাদের বাঁচিয়ে ছোটদের সাজা দেওয়া হয়েছে: আবু সাঈদের বাবা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম

পুলিশের বড় কর্মকর্তাদের বাঁচিয়ে ছোটদের সাজা দেওয়া হয়েছে: আবু সাঈদের বাবা
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার পরিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানান তার বাবা।

রায় ঘোষণার পর রংপুরের পীরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে কথা বলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি দাবি করেন, “ঘটনায় জড়িত পুলিশের বড় কর্মকর্তাদের বাঁচিয়ে দিয়ে ছোটদের সাজা দেওয়া হয়েছে। তার ভাষায়, আরও অনেক অপরাধী এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে এবং তাদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত। ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়া আমার ছেলের গলা টিপে ধরেছিল, তার সর্বোচ্চ শাস্তি হল না। আরও কঠোর সাজা দেওয়া দরকার ছিল। আরও অনেককে ফাঁসি দেওয়া দরকার।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও তারা উপযুক্ত শাস্তি পাননি। পরিবারের পক্ষ থেকে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

একইসঙ্গে আবু সাঈদের মা মনোয়ারা বেগম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আরও বেশি আসামির মৃত্যুদণ্ড হলে তারা সন্তুষ্ট হতেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এছাড়া তিনজন পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পৃথক ধারায় তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। মামলার বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মোট ৩০ আসামির মধ্যে ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং রায় ঘোষণার সময় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি দণ্ডপ্রাপ্তদের মধ্যে কেউ পলাতক রয়েছে, কেউ বিভিন্ন সাজায় দণ্ডিত হয়েছেন।