সারাদেশ
বেনাপোলে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পরে তা যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং রাতের কোনো এক সময় মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে যাওয়া হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।