সারাদেশ

দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:০৭ এএম

দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১০ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ-এর দু-এক জায়গা রয়েছে।

তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।