সারাদেশ

গোবিন্দগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে ৭ জন আহত


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০২:২২ পিএম

গোবিন্দগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে ৭ জন আহত
ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।

শনিবার (সকাল সাড়ে ৫টার দিকে) ঢাকা–রংপুর মহাসড়কের বকচর কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের বকচর এলাকায় আগে থেকেই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় রংপুরগামী শাহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী এসি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়, ফলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

এর কিছুক্ষণ পর পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই যাত্রীবাহী বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাস ও ট্রাকে থাকা যাত্রী ও চালকরা আহত হন।

পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি ভয়াবহ হলেও কোনো প্রাণহানি হয়নি।