সারাদেশ

নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ আতঙ্ক, ডিবির জালে চক্রের ৩ সদস্য গ্রেপ্তার  


প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:২৩ পিএম

নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ আতঙ্ক, ডিবির জালে চক্রের ৩ সদস্য গ্রেপ্তার  
ছবিঃ ঢাকা প্রকাশ

নওগাঁয় বিশেষ কেমিক্যাল বা ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) প্রয়োগ করে নারীদের সম্মোহিত করার মাধ্যমে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন - নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার আবু হাসান, বাবু এবং সবুজ। গত শনিবার (২০ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার (২১ জুন) বিকেল ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, গত কয়েক মাস ধরে এই চক্রটি নওগাঁ শহরের বয়স্ক মহিলাদের টার্গেট করে আসছিল। তারা 'শয়তানের নিঃশ্বাস' নামক এক বিশেষ কেমিক্যাল ব্যবহার করে নারীদের কিছু সময়ের জন্য স্মৃতিভ্রম ও সম্মোহিত করত। আক্রান্ত নারীরা নিজেদের অজান্তেই কানের দুল, স্বর্ণালংকার ও টাকা-পয়সা, এমনকি বাসার আলমারি খুলে অপরাধীদের হাতে তুলে দিতেন।

তিনি আরও বলেন, নওগাঁ থানায় এই সংক্রান্ত তিনটি মামলার জেরে তথ্যপ্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল থেকে এই চক্রটিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ কেন্দ্রিক এই চক্রটির ৮ থেকে ১০টি গ্রুপ রয়েছে। তারা ইতিমধ্যে নওগাঁ, নারায়ণগঞ্জ ও খুলনা জেলায় অন্তত ১০টি এমন অপরাধের কথা স্বীকার করেছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।