সারাদেশ

বেনাপোলে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক 


প্রতিনিধি, বেনাপোল
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:২০ এএম

বেনাপোলে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক 
ছবিঃ ঢাকা প্রকাশ

সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য  আনা ২ কোটি ২২ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শুক্রবার (২৬ জুন) দুপুরে বেনাপোল-যশোর মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বিজিবি'র একটি টহল দল অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের মোট ওজন এক কেজি ১৫৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২২ লাখ টাকা।

এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।