সারাদেশ

সাংবাদিকের ওপর হামলার জেরে ছাত্রদল নেতা বহিষ্কার 


প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:০৪ পিএম

সাংবাদিকের ওপর হামলার জেরে ছাত্রদল নেতা বহিষ্কার 
ছবিঃ ঢাকা প্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা মো. বেল্লাল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ রবিবার (২৮ জুন) বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কারের সিদ্ধান্তে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদের অনুমোদন রয়েছে। বহিষ্কৃত বেল্লাল হোসেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

এর আগে শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকার একটি মোবাইল ফোনের দোকানে বসে ছিলেন আজকের পত্রিকা-এর কলাপাড়া প্রতিনিধি ও নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন।

অভিযোগ রয়েছে, এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম এবং কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ৭–৮ জন নেতাকর্মী তাকে দোকান থেকে ডেকে বাইরে এনে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে তিনি দৌড়ে দোকানের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা তাকে আবারও টেনে বাইরে এনে দ্বিতীয় দফায় মারধর করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

বর্তমানে আহত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় কলাপাড়া প্রেসক্লাব,কলাপাড়া উপজেলা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এবং কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন পৃথক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।