সারাদেশ

টাঙ্গাইলে কান্নার শব্দে জঙ্গলে মিলল নবজাতক কন্যাশিশু


প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম

টাঙ্গাইলে কান্নার শব্দে জঙ্গলে মিলল নবজাতক কন্যাশিশু
ছবিঃ ঢাকা প্রকাশ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় রাস্তার পাশের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদরাসার উত্তর পাশের জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, জঙ্গল থেকে কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে গিয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দা শারমিন বেগম বলেন, তিনি প্রথমে জঙ্গলের পাশ থেকে কান্নার শব্দ শুনে তার ভাগ্নেকে ডাকেন। পরে দুজনে মিলে জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করেন। তিনি জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং পুরো শরীরে পিঁপড়া লেগে ছিল।

নবজাতক উদ্ধারের খবর পেয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।

ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটি বর্তমানে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। মাথায় আঘাতের চিহ্ন থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, শিশুটি সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।