সারাদেশ

বৈদ্যুতিক খুঁটিতে উঠে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ গেল কিশোরের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম

বৈদ্যুতিক খুঁটিতে উঠে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ গেল কিশোরের
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোনায়েম (১৫) উপজেলার নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার কারপাশা ইউনিয়নের বাগখালী এলাকার নানশ্রী ব্রিজসংলগ্ন হাওরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে ভিডিও ধারণ করতে সেখানে যায় মোনায়েম। ভিডিওকে আকর্ষণীয় করতে ব্রিজের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ে সে।

এ সময় নিচের পানিতে লাফ দেওয়ার চেষ্টা করলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোনায়েম। এতে নিয়ন্ত্রণ হারিয়ে হাওরের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় সে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। দীর্ঘ প্রায় নয় ঘণ্টা অভিযান শেষে রাত পৌনে ১০টার দিকে ডুবুরি দল ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।