সারাদেশ

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই বোনসহ নিহত ৩


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই বোনসহ নিহত ৩
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের রামুতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানার ওসি সুকান্ত চক্রবর্তী।

নিহতরা হলেন- উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। তবে তাৎক্ষণিকভাবে নিহত অপর পুরুষের পরিচয় জানা যায়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি মামলার কাজে সকালে রুবিনা ও শাহিনা কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই বোন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় অটোরিকশায় চালকসহ ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

এ বিষয়ে রামু হাইওয়ে থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।