সারাদেশ

নেত্রকোনায় দফায় দফায় সংঘর্ষে নারীসহ আহত ৩০


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

নেত্রকোনায় দফায় দফায় সংঘর্ষে নারীসহ আহত ৩০
ছবি: সংগৃহীত

মদনে পূর্বশত্রুতার জের ধরে দফায় দফায় দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নে কাওয়ালীবিন্নী গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় গুরুতর আহত আবু বক্কর, বিপুল, রকি খান, রহিছ উদ্দিন, কামাল তালুকদার, শামছুনা আক্তার, আতিকুর রহমান, নজরুল, রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা পাশের তাড়াইল ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

জানা যায়, গত রমজানের ঈদে ভাগ-বাটোয়ারায় গরু ক্রয় করাকে কেন্দ্র করে একই গ্রামের নজরুল ও জাহাঙ্গীরদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। দুইপক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে। এ ঘটনার জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, দুইপক্ষের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগেও তাদের মধ্যে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে।