সারাদেশ

ফজরের সুন্নত নামাজে সেজদায় গিয়ে আর ওঠা হলো না ইমামের 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

ফজরের সুন্নত নামাজে সেজদায় গিয়ে আর ওঠা হলো না ইমামের 
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীতে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে মৃত্যুবরণ করেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ (৩৫) নামের এক মসজিদের ইমাম।

আজ সোমবার (১৭ আগস্ট) ভোরে পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত আতাউল্লাহ দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা। তার বাবা মাওলানা আব্দুস সালাম। তিনি ছিলেন পরিবারের একমাত্র সন্তান। পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদরাসায় পড়াশোনা করা আতাউল্লাহ স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ আদায়ের প্রস্তুতি নেন আতাউল্লাহ। সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিনি আর ওঠেননি। পরে মুসল্লিরা কাছে গিয়ে তাকে সেজদারত অবস্থায় মৃত দেখতে পান।

স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন আতাউল্লাহ। ইমামতির পাশাপাশি এলাকাবাসীর সঙ্গেও তার ছিল আন্তরিক সম্পর্ক। নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের কারণে তিনি মুসল্লিদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, তিনি ছিলেন তার বাবার একমাত্র সন্তান। তার দুটি ছোট সন্তান রয়েছে। পরিবারের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। আকস্মিক এ মৃত্যুতে স্বজনেরা ভেঙে পড়েছেন।

ইমামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মসজিদের মুসল্লি, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাকে দেখতে সকালে বাড়ি ও মসজিদে ভিড় করেন স্থানীয়রা।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আসরের নামাজের পর তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।