সারাদেশ
দেশে ফিরলো অগ্নিকাণ্ডে নিহত সাজুর মরদেহ, কলকাতায় রেবতীর শেষকৃত্য
চিকিৎসার জন্য ভারতে গিয়ে কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে ফিরেছে। একই ঘটনায় নিহত কালীগঞ্জের রেবতী সরকারের শেষকৃত্য কলকাতায় সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ভোমরা স্থলবন্দর দিয়ে সাজুর মরদেহ বাংলাদেশে পৌঁছায়। ভোমরা অভিবাসন কার্যালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর স্বজনরা মরদেহ নিয়ে কালীগঞ্জের নিজ বাড়ির উদ্দেশে রওনা হবেন।
ভোমরা অভিবাসন কার্যালয়ের কর্মকর্তা সজিব বালা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে ভোমরা অভিবাসন দিয়ে সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হবেন।
সাজুর বড় ভাই সাহেব সরদার বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে সাজুর মরদেহ দেশে পাঠানো হয়েছে। এখন তারা বাড়ির উদ্দেশে রওনা হবেন। জোহরের নামাজের পর দাফনের পরিকল্পনা থাকলেও মরদেহ পৌঁছাতে দেরি হওয়ায় কিছুটা সময় লাগবে। বাড়িতে দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা সাজুর মরদেহের অপেক্ষায় রয়েছেন।
শনিবার দুপুরের আগে কালীগঞ্জে সাজুর বাড়িতে গিয়ে দেখা যায়, সকাল থেকেই স্বজনরা মরদেহের অপেক্ষায় রয়েছেন। বাড়ির পাশে কবর খনন করে রাখা হয়েছে। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর দাফনের কার্যক্রম শুরু হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এর আগে গত বুধবার (১৯ আগস্ট) রাতে কলকাতার শিখা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাজুর মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছায়। চিকিৎসা শেষে শনিবার দেশে ফেরার কথা ছিল তার। তবে জীবিত নয়, মরদেহ হয়ে দেশে ফিরলেন তিনি।
অন্যদিকে একই অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রেবতী সরকারের শেষকৃত্য কলকাতায় সম্পন্ন হয়েছে। তার দুই সন্তান ভারতে থাকায় শুক্রবার কলকাতার নিমতলা ঘাটে শেষকৃত্য করা হয়। এ সময় রেবতীর স্বামীও সেখানে উপস্থিত ছিলেন।
শনিবার সকালে তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রেবতীর দেবর তপন সরকার বলেন, চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে রেবতী ভারতে গিয়েছিলেন। শনিবার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার ছেলে-মেয়ে ভারতে থাকায় কলকাতার নিমতলা ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রেবতীর স্বামীও সেখানে রয়েছেন।
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সাজু ও রেবতীর মৃত্যুতে কালীগঞ্জের দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সাজুর মরদেহ দেশে ফেরার খবর পেয়ে শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা। নিজ গ্রামেই সাজুর দাফন সম্পন্ন করার কথা রয়েছে।