সারাদেশ
ফাইনাল খেলায় অতিথি না করায় ছাত্রদল নেতার ১৪৪ ধারা জারি
নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অতিথি না করায় ক্ষুব্ধ হয়ে নিজ উদ্যোগে মাইক ভাড়া করে খেলা বন্ধের ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এমনকি গ্রামজুড়ে ‘১৪৪ ধারা জারি’ করা হয়েছে বলেও প্রচার করেন তিনি। পরে আয়োজকেরা ফাইনাল ম্যাচটি স্থগিত করেন।
শুক্রবার (২১ আগস্ট) উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মারুফ আলী লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
আয়োজকদের ভাষ্য, দীর্ঘদিনের রীতি অনুযায়ী টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রামের প্রবীণ ব্যক্তিদের অতিথি হিসেবে রাখা হয়। এবার মারুফ আলীকে অতিথি না করায় তিনি ক্ষুব্ধ হন।
শুক্রবার বেলা ১১টার দিকে মারুফ আলী মাইক ভাড়া করে গ্রামজুড়ে ঘোষণা দেন, খেলার মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে মাঠে কাউকে খেলতে দেওয়া হবে না বলেও প্রচার করা হয়। এ ঘোষণার পর আয়োজকেরা ফাইনাল ম্যাচটি স্থগিত করেন।
স্থানীয় প্রবীণদের দাবি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কোনো এলাকায় ১৪৪ ধারা জারি করা যায় না। তাই এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, ঘটনার পর রোববার নাটোর জেলা ছাত্রদল মারুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
নোটিশে বলা হয়, জেলা শাখার অধীন লালপুর উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
আগামী ২৪ আগস্টের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আলাইপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে মারুফ আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।