সারাদেশ
আগামীকাল টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার ১৯ সেপ্টেম্বর রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি, রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ ১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ ১-এর আওতাধীন ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছপালার শাখা প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার এলাকাগুলো হলো তালাইমারী, মতিহার, ধরমপুর, ফুলতলা, সোরাফানের মোড়, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, মকবুল হাওলাদারের মোড়, মাছোপাড়া, বেলদারপাড়া, ঢাকা বাসস্ট্যান্ড, বটতলা ও এর আশপাশের এলাকা।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।