সারাদেশ
সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত (ভিডিও)
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাছিম আহমেদ জয় (২৬) নামে এক তরুণ মেরিন প্রকৌশলী।
রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে সান্তাহার রেলস্টেশনের প্রধান গেটে লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নিহত জয় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন মেরিন প্রকৌশলী ছিলেন।
সান্তাহার রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল। তখন সিগনাল অনুযায়ী রেলগেট বন্ধ ছিল। কিন্তু নাছিম আহমেদ জয় তার মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হতে যান। গেটের ভেতর ঢুকে দ্রুত রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে প্রায় দেড়শত গজ দূরে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়।
পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে নিহত জয়ের স্বজনরা সেখানে ছুটে গেলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”
স্থানীয়রা জানান, ট্রেনের গেট সুরক্ষা ও জনসচেতনতার ঘাটতি এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী। বিশেষ করে রেলক্রসিং অমান্য করে গেটের ফাঁক দিয়ে পার হওয়ার প্রবণতা জীবনঘাতী হতে পারে বলে মন্তব্য করেন অনেকে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ রেলপথ পারাপারে সতর্কতা ও সচেতনতার প্রয়োজনীয়তা আবারও সামনে চলে এসেছে এ ঘটনার মাধ্যমে।