সারাদেশ

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত
ছবি: সংগৃহীত

শনিবার (২৩ আগস্ট) রাতে পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর বাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সজিব মোল্লা ওরফে ইমরান (২৪) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মেহেদী মাসুদ পাভেল ইসলামপুর গ্রামের মৃত মোসলেম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত ইমরানকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে পাভেলের সঙ্গে কিছু স্থানীয়ের শত্রুতা ছিল। শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর বাজারে কথাকাটাকাটির একপর্যায় প্রতিপক্ষ তাদের কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে পাভেল মারা যান। আহত ইমরানকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, পাভেল একজন নিয়মিত নামাজ আদায় করা সৎ ব্যক্তি ছিলেন। স্থানীয় মাদক ব্যবসায় বাধা দেয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। তিনি এ হত্যার পূর্ণ বিচারের দাবি করেছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, প্রাথমিকভাবে এটি পূর্ব শত্রুতার ফলাফল। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।