সারাবিশ্ব

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার, ৮ লাখ ডলার ঘুষের অভিযোগ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ এএম

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার, ৮ লাখ ডলার ঘুষের অভিযোগ
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপাকসাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কর্তৃপক্ষ। ২০১৩ সালের একটি এয়ারবাস চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ৮ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসঙ্গা বোদারাগামা আরও তদন্তের জন্য ৪০ বছর বয়সী নামাল রাজাপাকসাকে দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দিয়েছেন। দুর্নীতি বা ঘুষের অভিযোগ তদন্তকারী কমিশন তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে।

২৩০ কোটি ডলারের এয়ারবাস লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, চুক্তিটি নিশ্চিত করতে ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কার রাজনীতিবিদ ও কর্মকর্তাদের যে অর্থ দিয়েছিল, তার অংশ হিসেবে নামাল রাজাপাকসা ৮ লাখ ডলার গ্রহণ করেছিলেন।

আদালতে জানানো হয়, এক শ্রীলঙ্কান ব্যবসায়ী সিঙ্গাপুরের দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে রাজাপাকসাকে ওই অর্থ পাঠানোর ব্যবস্থা করেছিলেন। তার আইনজীবী নিশান্থা দয়ানন্দ জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।

এর আগে গত মে মাসে দুর্নীতিবিরোধী সংস্থাটি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসাকেও জিজ্ঞাসাবাদ করে। তার বিরুদ্ধেও বিমান কেনার ঘটনায় ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।

শ্রীলঙ্কান এয়ারলাইনসের সাবেক প্রধান নির্বাহী কপিলা চন্দ্রসেনা মার্চ মাসে তদন্তকারীদের জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্টকে প্রায় ৫ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন। মে মাসে পুনরায় গ্রেপ্তার হওয়ার কিছুদিন আগে এক আত্মীয়ের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের কর্তৃপক্ষের যৌথ তদন্তে এর আগে জানা যায়, কেলেঙ্কারি প্রকাশ্যে আসার আগে এয়ারবাস শ্রীলঙ্কায় প্রায় ১ কোটি ৬০ লাখ ডলার ঘুষ দিতে সম্মত হয়েছিল। এর মধ্যে ১৭ লাখ ডলার চন্দ্রসেনার কাছে পাঠানো হয়েছিল।

আদালতে দাখিল করা তথ্য অনুযায়ী, চন্দ্রসেনা প্রথমে তদন্তকারীদের জানিয়েছিলেন, ২০১৩ সালে তিনি রাজাপাকসাকে তিন কিস্তিতে ৬ কোটি রুপি দিয়েছিলেন। সে সময় এর মূল্য ছিল প্রায় ৪ লাখ ৬১ হাজার ডলার।