সারাদেশ
মরিচের আড়ালে গাঁজার চাষ! মান্দায় চাষি গ্রেপ্তার
নওগাঁর মান্দা উপজেলায় মরিচের জমিতে গাঁজা চাষের অভিযোগে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার ভালাইন ইউনিয়নের ভালাইন গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মরিচের জমিতে গাঁজা চাষ করে আসছিলেন। অভিযানকালে তার মরিচের জমি থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় আড়াই (২.৫) কেজি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ নজরুল কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।