সারাদেশ
পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল
রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলি করে হত্যার ঘটনায় নওগাঁ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল বের করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু।
মিছিলে আরও অংশ নেন নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাক আহম্মেদ নিপু, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহানুর, যুবদল নেতা কাজলসহ জেলা, পৌর এবং থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলের বিভিন্ন স্থানে থেকে গোলাম কিবরিয়া হত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত তদন্ত, হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু বলেন, “গোলাম কিবরিয়ার নির্মম হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা দাবি করছি- ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”
তিনি আরও বলেন, গোলাম কিবরিয়ার মৃত্যু পুরো যুবদলকে শোকাহত করেছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।