সারাদেশ

পাবনায় শিক্ষার্থীকে শাসনের জেরে শিক্ষিকাকে গলায় ওড়না পেঁচিয়ে মারধর, আহত ৩


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:০৫ পিএম

পাবনায় শিক্ষার্থীকে শাসনের জেরে শিক্ষিকাকে গলায় ওড়না পেঁচিয়ে মারধর, আহত ৩
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে শাসন করাকে কেন্দ্র করে একটি কিন্ডারগার্টেনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সহকারী শিক্ষিকা বর্ষা আক্তার সাথী (২৫) গুরুতর আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার গলায় ওড়না পেঁচিয়ে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর কুড়লিয়া গ্রামে অবস্থিত সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের অধ্যক্ষের মা ও বোনও আহত হয়েছেন বলে জানা গেছে।

বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিয়মিত বিদ্যালয়ে না আসা ও পড়াশোনায় অমনোযোগী হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধমক দিয়ে শাসন করেন অধ্যক্ষ মো. সেলিম রেজা। এতে অপমানবোধ করে ওই শিক্ষার্থী বাড়ি চলে যায়।

পরে বেলা আনুমানিক ১১টার দিকে শিক্ষার্থীর মামা মো. উজ্জ্বল মাল (৫৫) তার পরিবারের সদস্যসহ ৫-৬ জনকে নিয়ে লাঠিসোঁটা হাতে বিদ্যালয়ে প্রবেশ করেন। তারা অধ্যক্ষকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে তার মা ও বোনকে হুমকি দিয়ে মারধর করেন।

এ সময় সহকারী শিক্ষিকা বর্ষা আক্তার সাথী বাধা দিতে এগিয়ে এলে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার গলায় ওড়না পেঁচিয়ে টেনেহিঁচড়ে বিদ্যালয় থেকে বাইরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সেলিম রেজা জানান, অভিযুক্ত উজ্জ্বল মাল দীর্ঘদিন ধরে নানা কারণে বিদ্যালয় কর্তৃপক্ষকে হয়রানি করে আসছিলেন। তার ভাগনির অনিয়মিত উপস্থিতির কারণে শাসন করায় ক্ষুব্ধ হয়ে তারা এই হামলা চালায়। ঘটনার সময় তিনি বিদ্যালয়ে না থাকায় রক্ষা পান। এ ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তিনি আরও জানান, আহত শিক্ষিকা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, যেখানে উজ্জ্বল মালসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পলাতক থাকায় এখনো কাউকে আটক করা যায়নি। অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর অভিযুক্ত উজ্জ্বল মালের বক্তব্য পাওয়া যায়নি।