সারাদেশ
কারাগারে নেওয়ার পথে এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে ডিম নিক্ষেপ
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর বগুড়া আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত কিছু ছাত্রদল নেতাকর্মী বিক্ষোভ ও স্লোগান দেন।
এর আগে ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি বাসা থেকে সাইবার সুরক্ষা আইনের মামলায় গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার জানান, তানভীরকে আদালতে আনার খবর পেয়ে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আদালত প্রাঙ্গণে অবস্থান নেন। আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার সময় বিক্ষোভের একপর্যায়ে উপস্থিত কয়েকজন তার দিকে ডিম নিক্ষেপ করেন।
রাফিউল আল আমিন দাবি করেন, প্রধানমন্ত্রী ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে গাজী সালাউদ্দিন তানভীর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। এজন্য তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। আদালত প্রাঙ্গণের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।