সারাদেশ
নাটোরে বিমানমন্ত্রী ও হুইপের পথসভা থেকে আটক যুবকের পিস্তলটি খেলনা, জানাল পুলিশ
নাটোরে উত্তরা গণভবনের সামনে আয়োজিত এক পথসভা থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তবে পরবর্তীতে যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া অস্ত্রটি খেলনা পিস্তল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর সদর থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম এ তথ্য জানান।
পুলিশ জানায়, বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অংশগ্রহণে অনুষ্ঠিত পথসভায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন শামস আলামিন তামিম নামের এক যুবক। পরে মন্ত্রী ও হুইপ মঞ্চ থেকে নামার সময় তাকে তল্লাশি করা হলে একটি পিস্তল উদ্ধার করা হয়।
আটক তামিম শহরের কানাইখালী এলাকার বাসিন্দা এবং মৃত শামসুল আলমের ছেলে বলে জানা গেছে।
উদ্ধারের পর পিস্তলটি পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, এটি কোনো আগ্নেয়াস্ত্র নয়, বরং একটি খেলনা পিস্তল।
তবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ও ভিভিআইপি নিরাপত্তা এলাকার কাছাকাছি ওই যুবক কেন খেলনা পিস্তল নিয়ে অবস্থান করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত উদ্দেশ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।