সারাদেশ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের
বগুড়ায় মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন।
রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে বগুড়া মহানগরীর ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারের ওপর ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে যাওয়া অপর একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত দুজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কের ওপর দুটি ট্রাক পড়ে থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার কারণে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহনগুলো বিকল্পভাবে সার্ভিস লেন দিয়ে চলাচল করছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।