সারাদেশ

পাবনায় শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তের বাড়িতে জনতার হামলা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

পাবনায় শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তের বাড়িতে জনতার হামলা
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে প্রধান অভিযুক্ত মোস্তফা কামালের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ জনতা। শুক্রবার দুপুরে উপজেলার কুলুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, উত্তেজিত জনতা সংগঠিত হয়ে মোস্তফার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। পরে পুলিশ দ্রুত অভিযুক্তের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার সাত দিন পর বুধবার সকালে শিশুটির বাড়ির পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি ও গলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্থানীয় মুদি দোকানি মোস্তফা কামাল ও একই এলাকার ভাড়াটিয়া ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হয়। পরে তাকে নিজের দোকানের পেছনের একটি ঘরে নিয়ে যান মোস্তফা। সেখানে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে রাতে পাশের পুকুরে ফেলে দেওয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার দুপুরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা মোস্তফার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

ওসি তরিকুল ইসলাম বলেন, বিপুলসংখ্যক মানুষের ভিড় ও ক্ষোভের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে অভিযুক্তের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। হামলায় কেউ আহত হননি।