সারাদেশ

তারেক রহমানের জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

তারেক রহমানের জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পানের মগ বিতরণের উদ্যোগ নিয়েছেন তিনি। পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। এতে দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ তুলে দেওয়া হয়। এ ছাড়া আগামী রোববার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার মগ ও নিমের চারা পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে একটি করে বৃক্ষের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেককে নিজ বাড়িতে একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকা এবং সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা শুধু গাছের চারা গ্রহণ করলেই হবে না, সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নিতে হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ প্রকাশ করেছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে, তবে এটিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যারা সহিংসতা ও নাশকতায় জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থানের সুযোগ দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়, সহিংসতা চায় না। সরকার মানুষের শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

গোপালগঞ্জের সহিংসতার ঘটনা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককেও হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ধরনের সহিংসতার মাধ্যমে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো সম্ভব হবে না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। দেশের মানুষের শান্তি ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা হিসেবে অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নানা পরিকল্পনা গ্রহণ করছেন। দেশের সংকটময় সময়ে জিয়া পরিবার সবসময় এগিয়ে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং এরপর তারেক রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। তারা সবসময় দেশের মানুষের কথা ভাবেন এবং দেশের জন্য কাজ করেন। বগুড়ার সন্তান হিসেবে প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব প্রকাশ করে তার পাশে থাকা ও তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, সারা বছর তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে প্রতিটি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। নতুন প্রজন্ম যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন এবং আধুনিক নগরসেবা নিশ্চিত করতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা, কালাই, জয়পুরহাট ও হিলি সড়কের ছয় লেন নির্মাণকাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।