সারাদেশ

গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:০৭ এএম

গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী ধাওয়া দিলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে, এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

স্থানীয়দের দাবি, নিহত তিনজনই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর দলের সদস্য।

ওসি বুলবুল ইসলাম বলেন, “নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”