সারাদেশ

গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম ফুলমতি বেগম (৪৫)। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার হরিরামপুর এলাকায় ফুলমতি বেগমের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুলমতি বেগমের সঙ্গে তার স্বামী ফয়েজ উদ্দিনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। স্বামী-স্ত্রীর মধ্যে একাধিকবার কলহ ও হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে হঠাৎ করে তার মরদেহ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়ায় মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের কেউ কেউ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও, পারিবারিক কলহের বিষয়টি সামনে আসায় ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে। স্বজনদের মধ্যেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, তদন্ত শেষে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।