সারাদেশ

কুড়িগ্রামে আবারও গাছের মগডালে নারী, উৎসুক মানুষের ভিড়


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:৩১ পিএম

কুড়িগ্রামে আবারও গাছের মগডালে নারী, উৎসুক মানুষের ভিড়
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে এক মাসের ব্যবধানে আবারও একটি উঁচু তেঁতুলগাছের মগডালে উঠে আলোচনায় এসেছেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী।

সোমবার (৮ জুন) সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়তেই গাছের নিচে শত শত উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ের একটি তেঁতুলগাছের অনেক উঁচু ডালে সাজেদা বেগমকে বসে থাকতে দেখা যায়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ সেখানে ভিড় করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিচে মানুষের জটলা দেখে তিনি ধীরে ধীরে ডাল বেয়ে নামতে শুরু করেন। এক পর্যায়ে গাছ থেকে নেমে পাশের পুকুরে লাফ দেন। পরে বুকসমান পানি পেরিয়ে পাড়ে উঠে স্বাভাবিকভাবে হেঁটে চলে যান।

সাজেদা বেগম স্থানীয় বাসিন্দা মো. আবু সাঈদের স্ত্রী। পরিবারের সদস্য ও এলাকাবাসীর দাবি, তিনি মাঝেমধ্যে এমন অস্বাভাবিক আচরণ করেন। তাদের ধারণা, মানসিক অস্থিরতা বা অন্য কোনো অদৃশ্য প্রভাবের কারণেই তিনি এমন কাজ করছেন।

এর আগে গত ৬ মে একই এলাকায় একদিন নিখোঁজ থাকার পর ওই তেঁতুলগাছের মগডাল থেকেই তার সন্ধান পাওয়া যায়। সে সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নামিয়ে আনার চেষ্টা করলেও তিনি নিজেই নিচে নেমে পুকুরে ঝাঁপ দেন।

তার স্বামী আবু সাঈদ জানান, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন সাজেদা বেগম। বিভিন্ন চিকিৎসা করানো হলেও নির্দিষ্ট কোনো রোগ শনাক্ত হয়নি। গত চার বছর ধরে তিনি অস্বাভাবিক আচরণ করছেন বলেও জানান তিনি।