সারাদেশ

গোবিন্দগঞ্জের চক রহিমাপুরে করতোয়া নদীর ভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম

গোবিন্দগঞ্জের চক রহিমাপুরে করতোয়া নদীর ভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর এলাকায় করতোয়া নদীর ভাঙন রোধে দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহাশ্মশান সংলগ্ন এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সাপমারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সারোয়ার মন্ডল, বিএনপি নেতা শাহ আলম সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, সাপমারা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিকুঞ্জ কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক প্রভাষক সজল কুমার দেবনাথসহ স্থানীয় প্রতিনিধিরা। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ভক্ত কুমার সরকার।

বক্তারা জানান, করতোয়া নদীর ভাঙনের কারণে চক রহিমাপুরসহ আশপাশের জনপদ চরম ঝুঁকির মুখে রয়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে মহাশ্মশান, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা আরও বলেন, গাইবান্ধা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শামিম কায়সার লিংকন ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ভাঙন প্রতিরোধে কাজ করছেন। একই ধারাবাহিকতায় চক রহিমাপুর এলাকায়ও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।