সারাদেশ
লালমনিরহাটে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনে ঘর পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা মাজার এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নুর মোহাম্মদ, যিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক এবং ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গিয়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের মতে, ঘটনার সময় নুর মোহাম্মদ মাদ্রাসায় ছিলেন এবং তার স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। বাড়িটি তালাবদ্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ঘরটি মুহূর্তেই আগুনে গ্রাস হয়।
তবে আশ্চর্যজনকভাবে, ঘরের সবকিছু পুড়ে গেলেও একটি পবিত্র কোরআন অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত নুর মোহাম্মদ তাঁর পরিবারের পুনর্বাসনের জন্য সরকার এবং সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।