সারাদেশ
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলা, চিকিৎসাধীন কলেজ শিক্ষকের মৃত্যু
লালমনিরহাটে মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন। টানা ২০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২১ আগস্ট) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর ছিলেন। তিনি ৪১তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গত ১ আগস্ট কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আরিফুলের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলে।
অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই পরিকল্পিতভাবে আরিফুলের ওপর হামলা চালানো হয়েছিল।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ এলাকাবাসী হামলায় অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
স্থানীয়দের ভাষ্য, সদর উপজেলার মোগলহাট ও আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অভিযুক্তদের দুটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এছাড়া সাতটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহম্মেদ বলেন, শিক্ষক আরিফুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, আরিফুলের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।