সারাদেশ

দাড়ি রাখায় তিন পুলিশ সদস্যকে শাস্তি, আদেশ কপি ভাইরাল!


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০১:৫০ পিএম

দাড়ি রাখায় তিন পুলিশ সদস্যকে শাস্তি, আদেশ কপি ভাইরাল!
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে অনুমতি ছাড়াই দাড়ি রাখার অভিযোগে তিন পুলিশ কনস্টেবলকে শাস্তি দেওয়া হয়। এ সংক্রান্ত আদেশটি জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ২১ আগস্ট ২০২৫ তারিখে জারি করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শাস্তিপ্রাপ্তরা হলেন—সদর কোর্টে কর্মরত কনস্টেবল দুলাল মিয়া, অপরাধ শাখার কনস্টেবল হৃদয় আহমেদ এবং মোটরযান শাখার কনস্টেবল ইফতেখার হোসেন সুমন। হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ.এন.এম সাজেদুর রহমান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, ইসলামী শরীয়াহ মোতাবেক দাড়ি রাখার আবেদন করলেও অনুমোদন পাওয়ার আগেই সংশ্লিষ্ট কনস্টেবলরা দাড়ি রেখেছিলেন।

আদেশে বলা হয়, পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হওয়ার সময় তাদের মুখে দাড়ি দেখা যায়। নিয়ম ভঙ্গের কারণে তাদের প্রত্যেককে দুই দিনের জন্য প্রতিদিন দুই ঘণ্টা করে ‘প্যারেড ড্রিল’ (পিডি) করার শাস্তি দেওয়া হয়েছে। একইসঙ্গে আরআই (ভারপ্রাপ্ত), পুলিশ লাইন্স হবিগঞ্জকে শাস্তি কার্যকর করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তবে পরদিন, অর্থাৎ ২২ আগস্ট হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের আরেকটি আদেশে ওই তিন পুলিশ সদস্যের আবেদনের প্রেক্ষিতে তাদের দাড়ি রাখার অনুমতি প্রদান করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান জানান, পুলিশের একটি নিয়ম রয়েছে—অনুমতি নিয়ে দাড়ি রাখতে হয়। অনেক সময় পুলিশ সদস্যরা অনুমতি ছাড়াই দাড়ি রাখেন, যা অপরিষ্কার বা এলোমেলো থাকার প্রবণতা তৈরি করে। আবার কেউ কেউ মুসলিম রেওয়াজ মেনে দাড়ি রাখলেও গোঁফ ছাঁটেন না, যা শৃঙ্খলার পরিপন্থী। শাস্তিপ্রাপ্ত তিন সদস্যের দাড়ি ছিল এক থেকে দুই মাসের পুরোনো।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।