সারাদেশ
স্বামীর সামনে স্ত্রীর প্রাণ কেড়ে নিলো ব্যাটারি চালিত ‘টমটম’
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় স্বামীর সামনেই প্রাণ হারিয়েছেন এক নারী। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার টুকেরবাজার ইউনিয়নের বউবাজার এলাকায় এই দুঃখজনক দুর্ঘটনা ঘটে।
নিহত হাসনা বেগম (৫২) ওই এলাকার আতোষ আলির স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে স্বামী-স্ত্রী হাত ধরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাশে হাঁটছিলেন। তখন বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে হাসনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘাতক অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘাতক অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে সনাক্ত এবং আটক করার জন্য অভিযান চলমান রয়েছে।”
স্থানীয়রা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।