সারাদেশ

টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে খাদে উল্টে পড়ল বাস, মা-মেয়ে নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১১:০৭ এএম

টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে খাদে উল্টে পড়ল বাস, মা-মেয়ে নিহত
দুর্ঘটনা কবলিত বাস। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পর্যটকবাহী একটি বাস সড়কের পাশে খাদে উল্টে পড়লে মা–মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- চাঁদপুরের দোয়ালিয়া গ্রামের আবদুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

পরিবারসহ টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। তার সহকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে ৪১ জনের একটি দল সেঁজুতি ট্রাভেলসের বাসে করে ঢাকা থেকে সুনামগঞ্জে যাচ্ছিল।

জয়কলস হাইওয়ে পুলিশ জানায়, ভোরের দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় মনজুরা আক্তার ও তাঁর মেয়ে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বাঘেরকোনা গ্রামের বাসিন্দা সাংবাদিক কুহিনূর রহমান নাহিদ বলেন, “ভোরে বড় শব্দে ঘুম ভেঙে যায়। দৌড়ে গিয়ে দেখি বাসটা উল্টে খাদে পড়ে আছে। আমরা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিই।” তাঁর ধারণা, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন অথবা সরু সড়কে কোনো যানবাহনকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান।

নিহত মনজুরা আক্তারের স্বামী আবদুল্লাহ আল মামুন বলেন, “ঢাকা থেকে সিলেট পর্যন্ত সব ঠিকঠাক ছিল। সিলেটে এসে চালককে আধা ঘণ্টা বিশ্রাম দিই। কিন্তু শান্তিগঞ্জের কাছাকাছি এসে দেখি বাসটা হঠাৎ অদ্ভুতভাবে দুলছে, তারপরই খাদে পড়ে যায়।”

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী বলেন, “ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের নিচ থেকে দুজনের মরদেহ এবং আহতদের উদ্ধার করা হয়েছে।”

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মন্তোষ মল্লিক জানান, উদ্ধার অভিযান শেষে মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।