সারাদেশ

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী, অ্যাকাউন্টে আছে মাত্র ৩ হাজার টাকা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী, অ্যাকাউন্টে আছে মাত্র ৩ হাজার টাকা
ছবি: সংগৃহীত

ব্যাংক হিসাবের ব্যালেন্স মাত্র ৩ হাজার ৪১২ টাকা। অথচ সেই অ্যাকাউন্ট থেকেই বিএনপির এক মনোনয়নপ্রত্যাশী নেতাকে ১০ লাখ টাকার চেক দিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুরের এক কর্মী নূর কাসেম (৩৭)। তার এই ঘটনাকে ঘিরে এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গতকাল শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে বিএনপির এক সমাবেশে এ ঘটনা ঘটে। ওই আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের হাতে নূর কাসেম চেকটি তুলে দেন।

নূর কাসেমের বাড়ি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মান্দিয়াতা গ্রামে, টাঙ্গুয়ার হাওরপাড়ে। পেশায় তিনি কৃষক; পাশাপাশি ইট-বালুর ছোটখাটো ব্যবসা করেন। লেখাপড়া জানা না থাকলেও নিজ নাম স্বাক্ষর করতে পারেন। পরিবারের ছয় সন্তানের (পাঁচ মেয়ে, এক ছেলে) জনক এই কর্মী জানান, রাজনীতিতে তেমন সক্রিয় না হলেও তার বাবা বিএনপির রাজনীতি করতেন।

sunamganj1_Dhakaprokash.jpg

মুঠোফোনে নূর কাসেম বলেন, “আমি ওনারে (কামরুজ্জামান) ভালো পাই। উনি গরিবের জন্য কাজ করেন। তাই মনের আবেগে চেকটা দিছি। আমার কাছে অত টাকা নাই, এখন যদি লাগে, শ্রীপুর বাজারে আমার একটা ভিটা আছে—ওটা বিক্রি কইরা দিমু।”

কেন চেক নিয়ে সমাবেশে গিয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন, সমাবেশ দেখতে গিয়েছিলেন, পরে জনতার উচ্ছ্বাস দেখে আবেগে মঞ্চে উঠে চেক ও মালা দেন। “আমি খারাপ মানুষ না। কাম করি খাই। রাজনীতি বেশি বুঝি না। শুধু ওনারে ভালো পাই, তাই দিছি,” বলেন নূর কাসেম।

বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল বলেন, “নূর কাসেম ভাই আবেগ থেকে ভালোবেসে চেকটি দিয়েছেন। আমি তার ভালোবাসা নিয়েছি, কিন্তু টাকাটা নেব না। চেকটি তাকে ফেরত দিচ্ছি।” তিনি জানান, রোববার বিকেলে এক কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে চেকটি ফিরিয়ে দেবেন।

কামরুজ্জামান বলেন, “সমাবেশে কেউ ফুল দিয়েছে, কেউ টাকার মালা পরিয়েছে। কেউ ১০ টাকা, কেউ ১০০ টাকা দিয়েছে। সেই আবেগ থেকেই নূর কাসেম ভাই হঠাৎ ১০ লাখ টাকার চেক তুলে দেন।”

উল্লেখ্য, বিএনপির ৩১ দফা প্রচার ও ধানের শীষের পক্ষে আয়োজিত ওই সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে নূর কাসেম মঞ্চে উঠে ১০ লাখ টাকার চেকটি তুলে দেন, যা নিয়ে পরে সাড়া পড়ে যায় পুরো এলাকায়।

সুনামগঞ্জ–১ আসনে কামরুজ্জামানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশী রয়েছেন- প্রয়াত সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা নজির, সাবেক চেয়ারম্যান আনিসুল হক, যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা হামিদুল হক আফিন্দী ও আবদুল মোতালেব খান।