খেলা

ভারত সিরিজ স্থগিত: মিডিয়া স্বত্ব বিক্রিতে বড় ধাক্কা খেল বিসিবি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০২:২৬ পিএম

ভারত সিরিজ স্থগিত: মিডিয়া স্বত্ব বিক্রিতে বড় ধাক্কা খেল বিসিবি
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত হোম সিরিজ আপাতত স্থগিত হয়ে গেছে—যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আগস্টে ভারতীয় দল বাংলাদেশ সফরে আসছে না, এটাই এখন প্রায় নিশ্চিত। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বিসিবি সূত্র। তবে সিরিজটি ঠিক কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও বিসিবি ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) কোনো সুনির্দিষ্ট রূপরেখা দাঁড় করাতে পারেনি।

এই সিরিজ স্থগিত হওয়ায় বড় ধরনের আর্থিক ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ ভারতের বিপক্ষে এই সিরিজই ছিল বিসিবির আসন্ন মিডিয়া স্বত্ব বিক্রির মূল আকর্ষণ। পরিকল্পনা ছিল, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত—আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (FTP) আওতায় বিসিবি তাদের মিডিয়া স্বত্ব বিক্রি করবে। ভারতের মতো বিশাল সম্প্রচার বাজারের একটি সিরিজ থাকায় নিলামে বড় অঙ্কের প্রত্যাশা করছিল বিসিবি।

কিন্তু এখন সেই সম্ভাবনা অনিশ্চয়তায়। ফলে বিসিবি আপাতত ভিন্ন পথে হাঁটছে। জুলাই মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি সামনে রেখে এখন কেবল ওই তিন ম্যাচের জন্যই আলাদাভাবে মিডিয়া স্বত্ব বিক্রির উদ্যোগ নিয়েছে বোর্ড।

এ বিষয়ে সংবাদমাধ্যম ক্রিকবাজ-কে বিসিবির একজন কর্মকর্তা বলেন, “ভারত সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। বিসিসিআই জানিয়েছে, আগস্টে বাংলাদেশ সফর তাদের জন্য কঠিন।”

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও গণমাধ্যমকে জানিয়েছেন, আগস্টে ভারত সিরিজ নিয়ে ‘অনিশ্চয়তা’ আছে।

মিডিয়া স্বত্ব নিয়ে বিসিবির অবস্থান এখন অনেকটাই রক্ষণাত্মক। কর্মকর্তারা বলছেন, “আমরা বাজার বিশ্লেষণ করছি। তাড়াহুড়োর কিছু নেই। প্রয়োজনে আলাদা আলাদা সিরিজের জন্য চুক্তি করব।”

অপরদিকে, ভারতীয় সম্প্রচার সংস্থাগুলোর বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, বিসিবি ইতোমধ্যে ভারত সিরিজ আপাতত না হওয়ার কথা জানিয়েছে। তাই তারা মিডিয়া স্বত্বের বিজ্ঞপ্তি দিলেও এখনও টেন্ডার গ্রহণ করছে না। শুধুমাত্র পাকিস্তান সিরিজের স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

এখানেই শেষ নয়। ক্রিকবাজের একটি মন্তব্য বিশেষভাবে নজর কাড়ে—সেখানে দাবি করা হয়েছে, ভারতের বাংলাদেশ সফর স্থগিত হওয়ার পেছনে রাজনৈতিক প্রভাবও থাকতে পারে। প্রতিবেদনে বলা হয়, “নিকট প্রতিবেশী বাংলাদেশে চলমান অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তেমন উষ্ণ নয়। সেই কারণে সরকারের ‘নির্দেশনায়’ বিসিসিআই বাংলাদেশ সফর স্থগিতের দিকে যাচ্ছে।”

এ ধরনের ভূ-রাজনৈতিক টানাপড়েন ক্রিকেটীয় সম্পর্কেও ছায়া ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর সিরিজটি যদি দীর্ঘমেয়াদে স্থগিত থাকে, তবে বিসিবির জন্য তা শুধু আর্থিক ক্ষতির নয়—চলতি FTP-তে এক বড় সুযোগ হাতছাড়া হওয়ার বিষয়ও বটে।

ভারতের বিপক্ষে সিরিজের স্থগিত হওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য কেবল মাঠের নয়, আর্থিক ও কূটনৈতিক দিক থেকেও এক বড় ধাক্কা। নতুন করে সিরিজের সূচি নির্ধারণ না হওয়া পর্যন্ত মিডিয়া স্বত্ব বিক্রির প্রক্রিয়া পুরোটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এর ফলে বিসিবিকে কৌশল বদলাতে বাধ্য হতে হচ্ছে, আর ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কেও জমছে অনিশ্চয়তার মেঘ।